BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ জনের!

ফিলিপাইনের একটি স্কুলে বন্দুক হামলায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। পরে হামলাকারী ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় সাউথ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে। প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাঙ্গা শহরের মেয়র আলবার্ট পালেন্সিয়া জানান, নিহত ও আহত সবাই শিক্ষার্থী এবং তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। দুপুরের খাবারের বিরতির পর এক শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বের হয়ে অন্য একটি কক্ষে গিয়ে গুলি চালায়। পরে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করে সে।

মেয়রের ভাষ্য অনুযায়ী, হামলার আগে ওই শিক্ষার্থী কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলেছিল এবং তাদের বাড়ি চলে যেতে বলেছিল। সে হামলার পরিকল্পনার কথাও জানিয়েছিল বলে জানান মেয়র। তবে বন্ধুরা বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি ওই শিক্ষার্থীর বাবার ছিল। তার বাবা দেশটির শিক্ষা বিভাগের একজন কর্মী। স্কুলে যাওয়ার আগে সে অস্ত্রটি নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

মেয়র হামলাকারীকে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে বর্ণনা করেছেন। সে তায়কোয়ান্দোর সঙ্গেও যুক্ত ছিল বলে জানান তিনি। তবে তাকে বুলিংয়ের শিকার হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

হামলার পেছনে অনলাইন কোনো কমিউনিটির প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থী একটি অনলাইন ‘ট্রু ক্রাইম’ কমিউনিটিতে পোস্ট করত। তবে ওই অনলাইন গোষ্ঠীর সঙ্গে হামলার সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও সাম্প্রতিক সময়ে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। গত জুনে টাকলোবান শহরের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত ও প্রায় ২০ জন আহত হন। এর আগে গত মাসে জাম্বোয়াঙ্গা শহরেও শ্রেণিকক্ষে গুলি চালিয়ে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনা ঘটে। ওই হামলাকারীও পরে আত্মহত্যা করে।

ঘটনার পর সাউথ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো অভিভাবকদের সন্তানদের নাগালের বাইরে অস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু স্কুলের নিরাপত্তাকর্মীদের ওপর নির্ভর করলে হবে না; এ ক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »