BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, জেটরো প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক!

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানি বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে এসব বিষয় আলোচনা করেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক উঠে আসে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধিতে জেটরোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সুযোগ রয়েছে।

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণেও জাপানের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। এর ফলে বাংলাদেশের উৎপাদনশিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের সুযোগ বাড়তে পারে।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়েও আলোচনা হয়। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত হয়। চুক্তিটির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

দক্ষ জনশক্তি তৈরি এবং জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশে দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাড়ানো এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চান। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জাপানের শ্রমবাজারে কাজের জন্য বাংলাদেশিদের প্রস্তুতি বাড়বে এবং দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানকে বিনিয়োগের সম্ভাবনাময় দিক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ তৈরি হয়েছে।

বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্টের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -