BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভিউয়ের আশায় সমালোচনা না করার আহ্বান সেতুমন্ত্রীর

সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে সমালোচনার নামে শুধু ভিউ বাড়ানো বা মানুষকে বিভ্রান্ত করার মতো সংবাদ পরিবেশন না করার আহ্বানও জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সাংবাদিকদের সাধারণ চোখে দেখলে চলবে না; বরং মাইক্রোস্কোপের চোখে দেখার মতো গভীরভাবে কাজ করতে হবে। সরকারের কর্মকাণ্ডে কোথায় ত্রুটি-বিচ্যুতি রয়েছে, তা অনুসন্ধানের মাধ্যমে খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরতে হবে। তবে সেই সমালোচনা যেন কেবল ভিউ বাড়ানোর উদ্দেশ্যে না হয় এবং কোনোভাবেই যেন তা মানুষকে বিভ্রান্ত না করে।

তিনি বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থের মাধ্যমে, আর সাংবাদিকদের প্রকৃত উন্নয়ন হয় অনুসন্ধান, দায়িত্ববোধ ও দেশপ্রেমের মাধ্যমে। সাংবাদিকতার মূল লক্ষ্য শুধু ব্যক্তিগত স্বস্তি বা অর্থনৈতিক সুবিধা অর্জন নয়; বরং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা।

সাংবাদিকদের পেশাগত ঝুঁকির বিষয়টি তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাই তাদের অনটনমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে অর্থ-বিত্তের পেছনে অতিরিক্ত ছুটলে সাংবাদিকতার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকার যেমন দেশ পরিবর্তনের চেষ্টা করবে, তেমনি সাংবাদিকরাও তাদের কলমের মাধ্যমে দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে সেই পরিবর্তনের লক্ষ্য হতে হবে জনগণের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ।

সরকার নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এই শোধরানোর প্রক্রিয়ায় সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা প্রয়োজন। সরকার ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, হাতে হাত রেখে একটি অগ্রযাত্রার দিকে এগিয়ে যেতে চায় সরকার।

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সরকার। একই সঙ্গে এ অঞ্চলের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাবের সদস্য এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »