BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, ১৫১ গাড়ির বহর! আলোচনায় বিহারের বিধায়ক

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ের জাঁকজমককেও যেন টেক্কা দিলেন বিহারের বিধায়ক অনন্ত সিং। মেয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথির আপ্যায়ন, ৫ লাখ মিষ্টি বিতরণ, ৫০০ বাবুর্চির রান্না এবং অতিথিদের জন্য ছয়টি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করে আলোচনায় এসেছেন তিনি। শুধু তাই নয়, ১৫১টি গাড়ির বহর নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন বর। এমন ব্যতিক্রমী আয়োজন নিয়ে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও চলছে আলোচনা।

গত বুধবার (২৬ নভেম্বর) ভারতের বিহার রাজ্যের নাদাওয়া গ্রামে পারিবারিক বাড়িতে অনুষ্ঠিত হয় বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের অনুষ্ঠান। পাত্র রিশিকেশ কুমার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থী।

প্রায় আড়াই হেক্টর জায়গাজুড়ে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন প্রায় ৪ লাখ। অতিথিদের আপ্যায়নের জন্য পরিবেশন করা হয় প্রায় ৫ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি। বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী মুন্না সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, খাবার প্রস্তুত করতে নিয়োজিত ছিলেন ৫০০ বাবুর্চি ও রাঁধুনি। এ ছাড়া কাবাবসহ বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয় প্রায় এক হাজার কেজি খাসির মাংস।

বিয়ের আয়োজনে বিশেষ অতিথিদের যাতায়াতের ব্যবস্থাও ছিল বেশ জাঁকজমকপূর্ণ। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হেলিকপ্টারে আসা অতিথিদের জন্য তৈরি করা হয় ছয়টি অস্থায়ী হেলিপ্যাড। অন্যদিকে বর রিশিকেশ কুমার সানগ্লাস পরে এবং হাতে কমলা রঙের স্কার্ফ নিয়ে ১৫১টি গাড়ির বহরসহ অনুষ্ঠানে উপস্থিত হন। হিন্দু ধর্মীয় বিশ্বাসে বিজোড় সংখ্যাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। বিয়েতে বরকে উপহার হিসেবে দেওয়া হয় একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার।

অনুষ্ঠানকে ঘিরে আশপাশের সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যানজটে আটকে পড়া এক অতিথি শেষ পর্যন্ত ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছান। অতিথিদের আপ্যায়নের পাশাপাশি চীন থেকে আমদানি করা ফুল দিয়ে সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠানস্থল। ছিল আতশবাজির আয়োজনও।

বিনোদনের জন্য প্রচলিত ডিজে অনুষ্ঠানের পরিবর্তে ঘোড়দৌড় প্রতিযোগিতার পরিকল্পনা করেছিলেন বিধায়ক অনন্ত সিং। প্রতিযোগিতা দেখার জন্য আশপাশের উৎসুক মানুষ গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। তবে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত প্রতিযোগিতাটি বাতিল করতে হয়। অথচ প্রতিযোগিতার বিজয়ীর জন্য একটি এসইউভি গাড়িও পুরস্কার হিসেবে রাখা হয়েছিল।

তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের পাশাপাশি রাজনৈতিক ও ব্যক্তিগত বিতর্কের কারণেও আলোচনায় রয়েছেন অনন্ত সিং। তিনি পাঁচবার বিহার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে সুশাসন ও গণতন্ত্র নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে এত বড় আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে অনন্ত সিং বলেন, তার বড় মেয়ের বিয়েতেও একই ধরনের আয়োজন করেছিলেন তিনি। অর্থাৎ এবারই প্রথম নয়, আগেও মেয়ের বিয়েতে এমন বিশাল আয়োজন করেছিলেন এই বিধায়ক।

এর আগে ২০২৪ সালে ভারতের ধনকুবের মুকেশ আম্বানি তার ছেলে অনন্ত আম্বানির বিয়েতে কয়েক মাসব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই বিয়েতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, তারকা ও শিল্পীরা অংশ নিয়েছিলেন। এবার বিহারের বিধায়কের মেয়ের বিয়ের আয়োজনও সেই জাঁকজমকের সঙ্গে তুলনায় উঠে এসেছে।

এদিকে ভারতে শুরু হয়েছে বিয়ের মৌসুম। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে আনুমানিক ৫২ লাখ বিয়ে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি ও দ্য টাইমস অব ইন্ডিয়া।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »