যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির একটি আবাসিক এলাকায় প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার ঠিক আগে পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। মাটিতে থাকা কোনো বেসামরিক নাগরিক আহত না হলেও দুর্ঘটনার পর সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, আলপেনার কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার থেকে উড্ডয়ন করা এফ-১৬ যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। প্রশিক্ষণের সময় কোনো একপর্যায়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং পরে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
মিশিগান স্টেট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান থেকে বেরিয়ে আসা পাইলটের অবস্থা স্থিতিশীল। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনাটি আবাসিক এলাকায় ঘটলেও মাটিতে থাকা কোনো বেসামরিক নাগরিক আহত হননি বলে নিশ্চিত করেছেন ব্লেয়ার টাউনশিপের সুপারভাইজার নিকোল ব্লনশাইন। তবে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে রাসায়নিক বা অন্য কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় দুর্ঘটনাস্থলের এক মাইল ব্যাসার্ধের সব বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান খালি করার নির্দেশ দেওয়া হয়।
উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শেষ হওয়ার পর স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ওই উচ্ছেদ আদেশ তুলে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী নিকোল কনরাড জানান, প্রথমে তিনি বিকট শব্দ শুনতে পান। এরপর আকাশে একটি রঙিন প্যারাশুট দেখতে পান এবং পাইলটকে সেটি ব্যবহার করে নিচে নেমে আসতে দেখেন। আরেক প্রত্যক্ষদর্শী এড উইলসনের ভাষ্য, বিমানটি সোজা নিচের দিকে নেমে যাওয়ার পর বিকট শব্দ হয় এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও বার্তা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখির আঘাতে যুদ্ধবিমানটির ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এটি এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্ট।
সূত্র: এনবিসি নিউজ
