মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মো. আবু সালেহ এবং গীতা পাঠ করেন ঝুমুর রানী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সমাজকর্মী মো. হাবিবুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও সমাজ গঠনে তাঁদের অতীত অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তারা পরিবার ও সমাজের সকল স্তরে তাঁদের প্রতি আরও যত্নশীল ও সহমর্মী আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে প্রবীণদের জন্য একটি সম্মানজনক, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আহমেদ অশ্রু,প্রবীণ ব্যক্তিদের মধ্যে সাবেক ইউপি সদস্য মোঃ আঃ করিম, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,একতা বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ, সাংবাদিক জিয়াউর রহমান, আয়াতুল্লাহ সুজন জোমাদ্দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং এলাকার প্রবীণ ব্যক্তিরা।
