BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিংয়ের ঘোষণা দিলেন মোদি!

ভারতের তরুণদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাচীর থেকে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

মোদী বলেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য তরুণদের বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীদের পরিবারগুলোর ওপর কোচিংয়ের অতিরিক্ত আর্থিক চাপ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারতের সরকারি কলেজ ও সরকারি চাকরিতে প্রবেশের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পরীক্ষার প্রস্তুতির জন্য দেশজুড়ে বড় ধরনের কোচিং ব্যবস্থা গড়ে উঠেছে। অনেক শিক্ষার্থী বছরের পর বছর কোচিংয়ে পড়াশোনা করেন। এতে মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়।

মোদী বলেন, ভারতের হাতে প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো রয়েছে এবং দেশটিতে দক্ষ শিক্ষক ও শিক্ষাবিদও আছেন। এই সুযোগ কাজে লাগিয়ে তরুণদের জন্য বিনামূল্যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হবে। এতে শিক্ষার্থীরা পরিবারের কাছে থেকেই প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন এবং কোচিংয়ের বাড়তি খরচ থেকেও পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে।

বিনামূল্যে অনলাইন কোচিংয়ের পাশাপাশি তরুণদের এআই দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন মোদী। তিনি ঘোষণা করেন, আগামী এক বছরে এক কোটি বা ১০ মিলিয়ন তরুণকে এআই প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।

মোদীর মতে, ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনীতিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দেশের তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে।

তরুণদের জন্য এসব উদ্যোগের ঘোষণা এমন সময়ে এলো, যখন ভারতে শিক্ষা ও চাকরির সুযোগ নিয়ে তরুণদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে তরুণদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

এসব আন্দোলনে চাকরি, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ নিয়ে তরুণদের হতাশার বিষয়টি সামনে আসে। বিক্ষোভের পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শাস্তি আরও কঠোর করার পদক্ষেপও নেওয়া হয়েছে।

স্বাধীনতা দিবসের এক ঘণ্টার বেশি সময়ের ভাষণে ভারতের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরেন মোদী। আগামী ২০ বছরের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এ জন্য সাত দফা উন্নয়ন ও সংস্কার কাঠামোর কথা জানান প্রধানমন্ত্রী। এতে উৎপাদন, কৃষি, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি যোগব্যায়াম, পর্যটন ও হস্তশিল্পের মাধ্যমে ভারতের ‘সফট পাওয়ার’ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মোদী বলেন, উৎপাদন খাতে ভারতকে বিশ্বের একটি নির্ভরযোগ্য সরবরাহ-শৃঙ্খল অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আগামী কয়েক বছরে ভারতে আরও আটটি সেমিকন্ডাক্টর চিপ কারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন মোদী। গত বছর ভারত সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার সুযোগ দিয়েছে।

ভাষণের শেষ দিকে ভারতের উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, উন্নত ভারত গড়ে তোলার যাত্রায় তরুণদের বড় ভূমিকা রয়েছে এবং উন্নত ভারতের সবচেয়ে বড় সুবিধাভোগীও হবে দেশের তরুণ প্রজন্ম।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »