BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক বন্ধুত্ব আরও দীর্ঘস্থায়ী হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় ভবিষ্যৎ সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সেকেন্ড চায়না-বাংলাদেশ রাউন্ডটেবল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করা হয় শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, সুনীল অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে।

বক্তব্যে শিক্ষামন্ত্রী দেশের জনমিতিক সুবিধার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ কর্মক্ষম তরুণ। এই বিশাল জনগোষ্ঠীকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দক্ষ করে আন্তর্জাতিক মানের মানবসম্পদে পরিণত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, সেখানে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখে বাংলাদেশও এ ক্ষেত্রে শিক্ষা নিতে চায়। সেই অভিজ্ঞতার আলোকে দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চীনের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকও স্বাক্ষর করা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা খাতে সরকারের ব্যয় ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে জিডিপির ২ শতাংশ থেকে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে। এর একটি বড় অংশ কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে ব্যয় করার কথা জানান তিনি।

এ ছাড়া বঙ্গোপসাগরের অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে সুনীল অর্থনীতিভিত্তিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তাঁর মতে, সমুদ্রসম্পদ ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডকে কাজে লাগাতে দক্ষ জনবল তৈরির জন্য এ ধরনের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং এবং সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট ড. লি কাইশেং বক্তব্য দেন।

সূত্র: বাসস

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »