BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাভার ও আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৬

সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে সাভার ও আশুলিয়া থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ পুড়িয়া হেরোইনসহ ছয়জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ও রাতে পৃথক চারটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি গত বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ভাটপাড়া এলাকায় পরিচালনা করেন এসআই শেখ মফিজুর রহমান। সেখান থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. মোস্তাক (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মোস্তাক ভাটপাড়া উত্তরপাড়া এলাকার মৃত মনজু মিয়া ও আমেনা বেগমের ছেলে। উদ্ধার করা ৫০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানটি গত বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকায় পরিচালনা করেন এসআই শেখ মাসুদ আল মামুন। সেখান থেকে ১৫০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন মনা (৩২) এবং মো. আরেফিন (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ১৫০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃত মো. মনির হোসেন মনা রংপুরের মিঠাপুকুর থানার কাশিনাথপুর এলাকার শফিক মিয়া ও সখিনা বেগমের ছেলে (বর্তমানে সাভারের আনন্দপুর এলাকার বাসিন্দা); এবং মো. আরেফিন মানিকগঞ্জের সিংগাইর থানার সুধখিরা এলাকার আফাজ উদ্দিন ও নাসিমা বেগমের ছেলে।

ADS Payra UP Election

তৃতীয় অভিযানটি গত বুধবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন পাকিজা এলাকায় পরিচালনা করেন এসআই মো. ওতিউর রহমান। সেখান থেকে ৫০০ পুড়িয়া হেরোইনসহ মো. সাজ্জাদ হোসেন ওরফে সজলকে (২৮) গ্রেফতার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সাজ্জাদ ব্যাংক কলোনি এলাকার মো. বাদশা মিয়া ও মোসা. নিলুফা বেগমের ছেলে।

চতুর্থ অভিযানটি একই দিন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন আরাগাঁও এলাকায় পরিচালনা করেন এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসেন। সেখান থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. আলমগীর হোসেন (৩৯) এবং মো. তুষার আহমেদকে (৩২) গ্রেফতার করা হয়। উদ্ধার করা ২০০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত মো. আলমগীর হোসেন আশুলিয়ার সাধুপাড়া এলাকার মো. মারফত আলী ও শাহানাজ বেগমের ছেলে; এবং মো. তুষার আহমেদ রাজশাহীর বাঘা থানার কেশবপুর এলাকার মৃত মকবুল হোসেন ও মিনারা বেগমের ছেলে (বর্তমানে আশুলিয়ার চারাবাগ এলাকার বাসিন্দা)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি মো. মোস্তাকের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা; ২ নম্বর আসামি মো. মনির হোসেন মনার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা; ৪ নম্বর আসামি মো. সাজ্জাদ হোসেন ওরফে সজলের বিরুদ্ধে একটি মাদক ও দুটি অন্য ধারার মামলা; এবং ৫ নম্বর আসামি মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি মাদক ও একটি অন্য ধারার মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »