জয়পুরহাটের আক্কেলপুরে রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আতাহার আলী আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় মেয়ের বাসায় থেকে চিকিৎসা শেষে গ্রামের বাড়িতে ফিরছিলেন।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, আতাহার আলী ও তার স্ত্রী দুজনই অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তারা ঢাকায় মেয়ের বাসায় অবস্থান করছিলেন। চিকিৎসক দেখানোর পর চার দিন পর আবারও চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল আতাহার আলীর। তবে গত শুক্রবার রাতে তিনি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। তার কানে কম শোনার সমস্যা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেন থেকে আক্কেলপুর রেলস্টেশনে নেমে রেললাইন ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন আতাহার আলী। পথে মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতু পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন সেতুর ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টদের খবর দেন।
আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, "ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ২০ মিনিটে আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।"
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
