BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আন্দোলনে রাজনৈতিক স্লোগান, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর!

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রমিক নন এবং আন্দোলনের নামে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন বন্ধ করে দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর এবং জানুয়ারি থেকে বর্ধিত মজুরি দেওয়ার আশাবাদ জানিয়েছেন শ্রমিক নেতা বাবুল আখতার।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শ্রমিক নন। তারা আন্দোলনের নামে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে আটক শ্রমিকদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যে যেসব শ্রমিক গ্রেপ্তার হয়েছেন, তাদের বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই বৈঠকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার জানান, খুব অল্প সময়ের মধ্যেই মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো তুলে ধরা হবে। মঙ্গলবার শ্রমিক প্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক করে মজুরি বোর্ডে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেবেন।

নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে আশাবাদ জানিয়ে বাবুল আখতার বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর হবে বলে আশা করছেন তারা। আর জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত মজুরি পাবেন।

চলমান পোশাকশিল্পের অস্থিরতার পেছনে বহিরাগতদের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন এই শ্রমিক নেতা। তিনি বলেন, বহিরাগতরা বিভিন্ন কারখানায় গিয়ে জোর করে ছুটি দিতে বাধ্য করছেন। তাদের মধ্যে বকেয়া বেতন না পাওয়া কিছু শ্রমিকের পাশাপাশি হকার, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বার্থান্বেষী মহলের লোকজনও রয়েছেন।

সাধারণ শ্রমিকদের উদ্দেশে বাবুল আখতার বলেন, শ্রমিকেরা কোনো প্রাতিষ্ঠানিক ধর্মঘট ডাকেননি। তাই কারও উসকানিতে পড়ে কোনো বিপদে পড়লে শ্রমিক সংগঠনগুলোকে পাশে পাওয়া যাবে না। তিনি শ্রমিকদের উসকানিতে পা না দিয়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, হাতেগোনা কয়েকটি কারখানায় সমস্যা হচ্ছে। যেসব কারখানার শ্রমিকেরা কাজে ফিরতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছেন তারা। পাশাপাশি সম্প্রতি গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের অনতিবিলম্বে মুক্তির দাবিও জানান এই শ্রমিক নেতা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »