BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইয়েমেনে সংঘাত তীব্র, ঘরছাড়া ১ লাখের বেশি মানুষ!

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথি বাহিনীর মধ্যে চলমান সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। পশ্চিম উপকূলে সহিংসতা ছড়িয়ে পড়ায় এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অনেকে দেশের ভেতরে আশ্রয় নিলেও প্রাণ বাঁচাতে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে প্রতিবেশী জিবুতিতেও পৌঁছাচ্ছেন। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা দ্রুত প্রয়োজন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত ছড়িয়ে পড়ার পর বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের কেউ দেশের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন, আবার কেউ বাব এল-মানদেব প্রণালি পেরিয়ে জিবুতিতে যাওয়ার ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত চার দিনে সমুদ্রপথে দুই হাজার ৪০০ জনেরও বেশি মানুষ জিবুতিতে পৌঁছেছেন। তাদের অধিকাংশই নারী, শিশু ও বয়স্ক। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার পর অনেকেই চরম ক্লান্তি ও মানসিক বিপর্যস্ত অবস্থায় সেখানে পৌঁছাচ্ছেন বলে জানিয়েছেন জিবুতিতে ইউএনএইচসিআরের প্রতিনিধি স্যান্ড্রিন দেসামুরস।

বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি, বাসস্থান ও চিকিৎসাসেবার তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি সহায়তা পৌঁছে দিতে ইউএনএইচসিআরের আনুমানিক এক কোটি ৪০ লাখ ডলার অতিরিক্ত তহবিল প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

বাস্তুচ্যুতদের একজন আয়েশা মুহাম্মদ জানান, মোখা বন্দরের কাছে নিজের গ্রাম থেকে পাঁচ সন্তানকে রেখে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তিনি। তার সন্তানরা সেখানে অবরুদ্ধ অবস্থায় খাবারের সংকটে দিন কাটাচ্ছে বলে জানান তিনি।

হোদাইদাহ থেকে পালিয়ে আসা হুসাইন হায়দারা জানান, গোলাগুলি ও স্নাইপার হামলার আতঙ্কে পরিবার নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে তাদের। পালানোর সময় সঙ্গে নেওয়ার মতো কোনো জিনিসপত্রও নিতে পারেননি তারা; শুধু পরনের পোশাক নিয়েই নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েন।

এদিকে চলমান সংঘাতের কারণে ইয়েমেনে থাকা প্রধানত সোমালিয়া ও ইথিওপিয়ার ৬৫ হাজারের বেশি নিবন্ধিত শরণার্থীও চরম ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

সংস্থাটি বলছে, দ্রুত বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণে জরুরি সহায়তা প্রয়োজন। সংঘাত আরও বিস্তৃত হলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এবং মানবিক সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »