BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশ-এর মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক হামলা চালানো হয় বলে দাবি করেছে তেহরান। হামলার সময় স্কুলটিতে ১৭০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন মিনাবের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহের। তিনি অভিযোগ করেন, বিদ্যালয়টিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ধ্বংসস্তূপে এখনো উদ্ধার তৎপরতা চলছে।

ইরান দাবি করেছে, একই সময়ে দেশটির বিভিন্ন স্থানে সমন্বিত হামলা চালানো হয়। এসব হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, একাধিক মন্ত্রী ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও আঘাত হানা হয় বলে অভিযোগ করা হয়েছে।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে ইসরায়েলের এক কর্মকর্তা জানান, কয়েক মাস ধরে এই অভিযানের পরিকল্পনা চলছিল এবং হামলার সময় নির্ধারণ করা হয় কয়েক সপ্তাহ আগে। এক মার্কিন কর্মকর্তাও জানান, এ সামরিক অভিযান কয়েক দিন ধরে চলতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় হামলার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ উস্কানিমূলক, অবৈধ ও অন্যায্য। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কড়া সমালোচনা করেন।

আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত এবং আগ্রাসনের জবাব দেওয়া হবে।

এক বিবৃতিতে ইরান রেভ্যুলেশনারি গার্ড (আইআরজিসি) জানায়, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।

আইআরজিসি আরও জানায়, তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »