BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনো জোট, নেতানিয়াহুর আসন কমে ৫৩!

ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোনো পক্ষই। এতে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করে। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৯ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি। এবারের নির্বাচনে মোট ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন। ইয়াশার পার্টি পেয়েছে ২১টি, বি'ইয়াচাদ ১২টি এবং জয়েন্ট লিস্ট পেয়েছে ১১টি আসন। এ ছাড়া দ্য ডেমোক্র্যাটস ও রা'আম পেয়েছে ৮টি করে আসন। ইসরাইল বেইতেনু, ইউনাইটেড তোরাহ জুদাইজম ও ওতজমা ইয়েহুদিত পেয়েছে ৭টি করে আসন। অন্যদিকে শাস ও রিলিজিয়াস জায়োনিজম পেয়েছে ৬টি করে আসন।

নির্বাচনে কয়েকটি দল ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের নির্বাচনি বাধা অতিক্রম করতে পারেনি। ইয়োয়াজ হেন্ডেলের রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি পেয়েছে ২ দশমিক ৬৩ শতাংশ ভোট। ওফের উইন্টারের পিপল অব ইসরাইল পার্টি পেয়েছে ১ দশমিক ৭ শতাংশ ভোট। আর দেশটির অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের বিকল্প রাজনৈতিক অবস্থান তুলে ধরা চারেদি পাবলিক পার্টি পেয়েছে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ ভোট।

এবারের নির্বাচনে নেতানিয়াহুর জোটের আসন উল্লেখযোগ্যভাবে কমেছে। বিদায়ী পার্লামেন্ট নেসেটে ক্ষমতাসীন এই জোটের আসন ছিল ৬৮টি। কিন্তু নতুন নির্বাচনে তা কমে দাঁড়িয়েছে ৫৩টিতে। অর্থাৎ আগের তুলনায় জোটটির আসন কমেছে ১৫টি।

অন্যদিকে আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা'আম পার্টি সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন। ইসরাইলের নির্বাচনি ইতিহাসে আরব দলগুলোর এটিই সর্বোচ্চ আসনপ্রাপ্তি। আগের পার্লামেন্টে দল দুটির সম্মিলিত আসন ছিল ১০টি। ফলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে সরকার গঠনের সমীকরণে তাদের ভূমিকা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, জায়োনিস্ট জোটের সদস্যরা রা'আম কিংবা জয়েন্ট লিস্টের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ফলে নেতানিয়াহুবিরোধী শিবিরের জন্য আরব দলগুলোর আসন কাজে লাগিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন হতে পারে।

নির্বাচনের চূড়ান্ত ফল আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এর আগে কোনো ভুল বা অভিযোগ থাকলে সেগুলো পর্যালোচনা করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ফল জমা হওয়ার পর প্রেসিডেন্ট দেশটির রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে সরকার গঠনের বিষয়ে দলগুলোর মতামত ও সুপারিশ শুনে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবেন তিনি।

এদিকে নির্বাচন ঘিরে ভোট কারচুপির অভিযোগও সামনে এসেছে। কাতারের সম্ভাব্য প্রভাব বিস্তারের প্রচেষ্টা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর এসব অভিযোগ ওঠে। তবে ভোট জালিয়াতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ নাকচ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে কমিশন জানায়, ভোটে ব্যাপক অনিয়মের যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। কমিশনের ভারপ্রাপ্ত পরিচালক ডিন লিভনে বলেন, এ বিষয়ে পরিচালিত তদন্তের ফল প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। একই সঙ্গে তিনি জানান, তদন্ত কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না।

আগামী ১০ নভেম্বর ইসরাইলের নতুন পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা দীর্ঘায়িত হতে পারে। প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষের হাতে না থাকায় সরকার গঠনের আলোচনা দুই মাসেরও বেশি সময় ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে বুধবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রাজনৈতিক দলগুলোর নেতাদের দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে আরেকটি নির্বাচন এড়াতে সবাইকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। রাজনৈতিক নেতারা তাঁর সঙ্গে বৈঠকে বসলে খোলা মন নিয়ে আলোচনায় অংশ নেবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »