BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ উপাধি ব্যবহার করা হয়। পোস্টে স্পিকারের সাবেক প্রশিক্ষণকেন্দ্রে ফিরে যাওয়ার স্মৃতিচারণের পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীতে কাটানো সময়ের কথাও তুলে ধরা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেজে পোস্টটি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, গত বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তান মিলিটারি একাডেমি পরিদর্শনে যান বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে পৌঁছালে একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী তাকে স্বাগত জানান।

পোস্টে স্পিকারকে ‘হিজ এক্সেলেন্সি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি বলা হয়, যে প্রশিক্ষণকেন্দ্র একসময় তাকে গড়ে তুলেছিল, দীর্ঘ সময় পর সেখানেই ফিরে গেছেন তিনি। পুরোনো প্রশিক্ষণস্থলে পা রেখে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর স্মৃতিতে ফিরে যান স্পিকার।

পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান সেনাবাহিনীতে কাটানো বছরগুলোর কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফিজ উদ্দিন আহমদ। ওই সময়ের অভিজ্ঞতা তার জীবন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি। এমনকি পাকিস্তান মিলিটারি একাডেমিকে শুধু প্রশিক্ষণকেন্দ্র নয়, নিজের বাড়ির মতো বলেও স্মৃতিচারণ করেন।

পোস্টের তথ্য অনুযায়ী, ১৯৬৬ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ কয়েক দশক পর সেই একাডেমিতে ফিরে যাওয়া তার জন্য বিশেষ আবেগঘন অভিজ্ঞতা ছিল।

এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার অভিন্ন ঐতিহ্য ও ভ্রাতৃত্বের সম্পর্কের বিষয়টিও তুলে ধরে পাকিস্তান সেনাবাহিনী। পোস্টে দুই দেশের সম্পর্ককে ‘দুই জাতি, এক অভিন্ন ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন’ হিসেবে বর্ণনা করা হয়।

প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৩ থেকে ২৯ নভেম্বর পাকিস্তান সফর করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরের অংশ হিসেবে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি পরিদর্শন করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »