BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুষ্টিয়ায় বিয়ের কয়েক ঘণ্টা পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

বিয়ের আনন্দ শেষ হতে না হতেই কুষ্টিয়ার দৌলতপুরে নেমে এলো শোকের ছায়া। বিয়ের কয়েক ঘণ্টা পর রাতে নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২৫) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। প্যান্ডেলের পাশে বসে থাকা অবস্থায় তার ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদি এলাকায় আনাসের বিয়ে হয়। বিয়ের পর বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। নতুন বউকে ঘরে তোলার আনন্দে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে চলছিল বিয়ের উৎসব।

এর মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্যান্ডেলের পাশে একটি চেয়ারে বসে ছিলেন আনাস। এ সময় তার ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথের মধ্যে তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয়দের ধারণা, স্ট্যান্ড ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তবে কী কারণে ফ্যানটিতে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আনাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একদিকে নতুন জীবনের শুরু, অন্যদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু—আনাসের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »