আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, এই সুবিধা থেকে কেউ বাদ পড়বেন না। একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, ফ্যামিলি কার্ড সবার জন্য প্রযোজ্য হবে। এমনকি রাষ্ট্রপতির স্ত্রীও এই কার্ড পাবেন বলে উল্লেখ করেন তিনি।
মীর শাহে আলম আরও বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্যও কৃষক কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে পর্যায়ক্রমে দেশের পরিবার ও কৃষকদের সরকারি সহায়তা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের সাম্প্রতিক কর্মসূচি নিয়েও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকটের মধ্যে কীভাবে ১১ দল লংমার্চ করেছে, সে প্রশ্নও তোলেন তিনি।
লংমার্চের মাধ্যমে সমস্যার সমাধান হলে বিএনপিও টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত বলে মন্তব্য করেন মীর শাহে আলম।
এদিকে রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।
