দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। রোববার রাতে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের মধ্যে সংঘর্ষের পর হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই অংশে এন-১ মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন।
তবে ঠিক কী কারণে তিনটি যানবাহনের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
