BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী

দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হয়েছে এবং কোনো অবস্থাতেই খাদ্যের ঘাটতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, সাধারণ মানুষ যেন অভুক্ত না থাকে এবং খাদ্যের অভাবে কাউকে কষ্ট পেতে না হয়, সেটিই সরকারের প্রধান লক্ষ্য। এদিকে কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহের মাধ্যমে সরকারি খাদ্য মজুত আরও শক্তিশালী করার কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এখন একটাই লক্ষ্য। খাদ্য মন্ত্রণালয়ে আমরা যারা আছি, দেশে খাদ্যের কোনো অভাব হতে দেব না। সেই লক্ষ্য সামনে রেখে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রাখা হয়েছে।’

সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে চাল কিনতে পারেন, সে জন্য খোলাবাজারে বিক্রির (ওএমএস) কার্যক্রমের আওতায় চাল বিতরণ করা হচ্ছে। গত শুক্রবার থেকে শ্রমিকদের মধ্যেও কম দামে চাল বিতরণ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ‘কেউ যেন ঘরে অভুক্ত না থাকেন, কেউ যেন কষ্ট না পান, সেদিকে প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন।’

জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের কাজ মানুষের পাশে থাকা। অন্যদিকে জনগণেরও উচিত জনপ্রতিনিধিদের সহযোগিতা করা এবং আন্তরিকতা বাড়ানো। একজন মন্ত্রী বা জনপ্রতিনিধির পক্ষে একা কোনো কাজ করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কাজের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

কৃষকদের কল্যাণের বিষয়েও গুরুত্বারোপ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ ও কৃষকদের ভালো রাখাই সরকারের লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। খাদ্য মন্ত্রণালয়কে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন এবং মানিকগঞ্জ জেলায় ১ হাজার ৩২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

মানিকগঞ্জের সাত উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহের পরিকল্পনা রয়েছে। জেলায় এবার আমন ধানের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৩৯ মেট্রিক টন।

খাদ্য বিভাগের নির্ধারিত মূল্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এ সংগ্রহ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসিম উদ্দিন খান, পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল রহমান সজিবসহ স্থানীয় নেতারা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »