ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ধামরাই থানাধীন জয়পুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ধামরাইয়ের কেলিয়া গ্রামের প্রভাত সরকার ও পারুল রানী সরকারের ছেলে বাদল সরকার (২৮); একই গ্রামের আবুল কাশেম ও শাহানাজ বেগমের ছেলে শাকিল আহমেদ তুহিন (২৯); এবং টাঙ্গাইলের মির্জাপুর থানার নতুন কহেলা গ্রামের মৃত মিল্টন খান ও শেফালী বেগমের ছেলে সাইফুল ইসলাম রবিন (৩৭)। রবিন বর্তমানে ধামরাইয়ের দেপাশাই কাউন্সিল বাজার এলাকার সলিম মাস্টারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাদল, শাকিল ও সাইফুলকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৪.৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি বাদল সরকারের বিরুদ্ধে পূর্বে একটি অন্য মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
