পবিপ্রবি কতৃপক্ষ শিক্ষার্থীদের নতুন কিছু শেখা, গবেষণা, উদ্ভাবন ও একাডেমিয়া- ইন্ডাস্ট্রি কোলাবরেশনে কাজ করছে : ভিসি প্রফেসর হেমায়েত জাহান
পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিএসই অনুষদের সিএসই ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু হয়েছে।
২৭ আগস্ট দুপুর ১২টায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিএসই অনুষদের ডিন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. শামসুজ্জামান সবুজ, সিএসই ক্লাবের সভাপতি বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. তৌকির আহমেদ প্রমুখ। এতে সরকারি বেসরকারি ৫০ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, সিএসই ক্লাবের শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত উদ্যোগে এই চমৎকার আইটি কার্নিভালের আয়োজন করা হয়েছে। বর্তমান বিশ্ব প্রতিনিয়ত প্রযুক্তির হাত ধরে পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স এবং ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তিগুলো এখন আর ভবিষ্যতের বিষয় নয়; বরং এগুলো আমাদের বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে এবং দেশকে নেতৃত্ব দিতে হলে আমাদের নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন হতে হবে। আমাদের শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তারা তাদের মেধা ও সৃজনশীলতা ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরি করেছে। আজকের এই কার্নিভাল আমাদের শিক্ষার্থীদের সেই মেধা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের এক অনন্য প্ল্যাটফর্ম।
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, “আমাদের পবিপ্রবি সবসময়ই শিক্ষার্থীদের নতুন কিছু শেখার, গবেষণা করার এবং উদ্ভাবন করার পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে শুধু চাকরির পেছনে ছুটবে না; বরং নিজেরাই একেকজন উদ্যোক্তা হয়ে উঠবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। শীঘ্রই আমরা একাডেমিয়া – ইন্ডাস্ট্রি কোলাবরেশনে স্টার্টআপ প্রোগ্রাম আয়োজন করবো ।”
পরে প্রধান অতিথি আইটি কার্নিভালের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
