BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানের তৈরি চালকবিহীন টেসলা!

পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চালকবিহীন গাড়ির লাইভ প্রদর্শনী চলছিল। আর সেই প্রদর্শনীতেই ঘটে গেল অপ্রত্যাশিত কাণ্ড। ইসলামাবাদের ডি-চক এলাকায় পরীক্ষামূলকভাবে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে সজোরে ধাক্কা দেয় স্বয়ংক্রিয় গাড়িটি। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে হাস্যরস ও নানা মন্তব্য।

অ্যাবোটাবাদের প্রযুক্তি উৎসাহী এহসান জাফরের উদ্ভাবিত এই স্বয়ংক্রিয় গাড়িটির প্রদর্শনী নিয়ে প্রতিবেদন করছিলেন সাংবাদিক মুহাম্মদ আলিজাহ। তার ভাষ্য অনুযায়ী, পরীক্ষামূলক প্রদর্শনীর সময় ইন্টারনেট ও স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে গাড়িটির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পুলিশের গাড়ির দিকে চলে যায়।

ইসলামাবাদের ডি-চক এলাকায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, গাড়িটি থামানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেটি পুলিশের গাড়িতে গিয়ে সজোরে আঘাত করে। ঘটনাস্থলে থাকা লোকজনের মধ্যে এ সময় কিছুটা আতঙ্ক তৈরি হলেও বড় ধরনের কোনো বিপদ ঘটেনি।

সাংবাদিক মুহাম্মদ আলিজাহ বলেন, ঘটনাটি একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত ও তুলনামূলক ফাঁকা এলাকায় ঘটায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে জনবহুল সড়ক কিংবা ব্যস্ত এলাকায় একই ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে পরিস্থিতি মারাত্মক হতে পারত। তাই চালকবিহীন প্রযুক্তির ব্যবহার ও পরীক্ষার ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। পাকিস্তানের নেটিজেনরা ভিডিওটি নিয়ে নানা ধরনের মজার মন্তব্য করেন। কেউ কেউ গাড়িটির প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, আবার অনেকে পুরো ঘটনাটিকে হাস্যরসের বিষয় হিসেবে দেখেন।

এদিকে ভারতীয় অভিনেতা রণবীর শোরেও ভিডিওটি পুনঃশেয়ার করে রসাত্মক মন্তব্য করেছেন। তার পোস্টের পর ঘটনাটি পাকিস্তানের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

তবে এই ঘটনাকে শুধু হাস্যরসের বিষয় হিসেবে না দেখে প্রযুক্তিগত গবেষণার ক্ষেত্রে একটি সতর্কবার্তা হিসেবেও দেখার আহ্বান জানিয়েছেন সাংবাদিক মুহাম্মদ আলিজাহ। তার মতে, চালকবিহীন গাড়ির মতো উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রম চালানোর সময় সম্ভাব্য ঝুঁকি আগে থেকেই বিবেচনায় নেওয়া জরুরি।

প্রযুক্তি যতই উন্নত হোক, ইন্টারনেট, স্যাটেলাইট সংযোগ বা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার কোনো একটি অংশে ত্রুটি দেখা দিলে গাড়ির আচরণ অনাকাঙ্ক্ষিত হতে পারে। তাই ভবিষ্যতে এমন প্রযুক্তি জনবহুল এলাকায় ব্যবহারের আগে পর্যাপ্ত নিরাপত্তা পরীক্ষা ও নিয়ন্ত্রিত পরিবেশে দীর্ঘমেয়াদি পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আর পুলিশের গাড়িতে চালকবিহীন গাড়ির এই আকস্মিক ধাক্কার ভিডিও আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে পরিণত হয়েছে হাস্যরসের খোরাকে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -