এস. এম. জাহিদুল, ঢাকা:রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট (E-Appointment) কার্যক্রম চালু হয়েছে। এর ফলে এখন থেকে রোগীরা ঘরে বসেই অনলাইনে টিকিট কেটে নির্ধারিত দিনে নির্দিষ্ট চিকিৎসকের কাছ থেকে সরাসরি চিকিৎসাসেবা নিতে পারবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় হাসপাতালের তৃতীয় তলার কনফারেন্স রুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক সেবার সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মেজবাহুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোশারফ হোসেন, উপাধ্যক্ষ ডা. মুহাম্মদ মাহমুদ আলম তারেক, ন্যাশনাল কনসালটেন্ট ডা. শাহ আলি আকবর আশরাফি, ব্রিটিশ কাউন্সিলের ই-গভর্ন্যান্সের টিম লিডার মি. আর্সেন সেপ্ট এবং স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের ডেপুটি চিফ ও ফোকাল পারসন ডা. মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. মহিউদ্দিন সুমন অনিরুদ্ধ। সঞ্চালনা করেন কেন্দ্রীয় ড্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিসিএস স্পেশালিস্ট ডক্টরস ফোরামের সদস্যসচিব ডা. মোহাম্মদ আল আমিন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপপরিচালক, সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা ও এর আশপাশের অঞ্চলের সাধারণ মানুষকে নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছে। বর্তমানে এখানে ইনডোর ও আউটডোর সেবার পাশাপাশি জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে। নতুন এই অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার ফলে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি দূর হবে এবং দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। মঙ্গলবার থেকেই রোগীরা এই অনলাইন সুবিধাটি পাচ্ছেন।
