রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলেজের কয়েক শ শিক্ষার্থী রাস্তায় নেমে আসলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ফার্মগেট ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১০ ডিসেম্বর) তার মৃত্যু হয়।
সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে কলেজের সামনে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে ফার্মগেট মোড়ে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের হাতে থাকা ব্যানারে ‘তেজগাঁও কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ’ এবং ‘সাকিব হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেখা যায়।
সড়ক অবরোধের কারণে কারওয়ান বাজার, বিজয় সরণি, ইন্দিরা রোড ও খামারবাড়িগামী সব লেনে যান চলাচল স্থবির হয়ে পড়ে। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত এক ছাত্র গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।