BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

‘সার সংকট নেই, বিদ্যুৎ-গ্যাস সমস্যাও দ্রুত সমাধান হবে’ : প্রতিমন্ত্রী আব্দুল বারী

দেশে সারের সংকট নেই বলে দাবি করেছেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সম্পর্কে সরকার অবগত রয়েছে জানিয়ে তিনি বলেছেন, খুব শিগগিরই এসব সমস্যার সমাধান হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “সারের কোনো সংকট নেই। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার বিষয়েও সরকার অবগত আছে। খুব তাড়াতাড়ি এসব সমস্যার সমাধান হয়ে যাবে।”

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে পায়রা ওড়ানো, কেক কাটা, আলোচনা সভা ও র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভা শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আলোচনা সভায় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল।

এর আগে সকাল ৮টার দিকে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ জিয়াউর রহমানের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »