আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর (১১/১১) বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হয়। অবিবাহিত ব্যক্তিদের নিজেদের সিঙ্গেল পরিচয় উদযাপন এবং নিজের প্রতি ভালোবাসা প্রকাশের দিন হিসেবে পরিচিত এটি।
একসময় অবিবাহিত বা একা থাকা মানুষের নিজেদের উদযাপনের দিন হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে সিঙ্গেলস ডে পেয়েছে ভিন্ন মাত্রা। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বড় অনলাইন শপিং উৎসব হিসেবেও পরিচিত।
সিঙ্গেলস ডে উদযাপনের সূচনা ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। অবিবাহিত শিক্ষার্থীরা নিজেদের অবস্থানকে ইতিবাচকভাবে উদযাপন এবং নিজেদের জন্য উপহার কেনার উদ্দেশ্যে দিনটি পালন শুরু করেন।
দিনটির তারিখের মধ্যেও রয়েছে বিশেষ তাৎপর্য। ১১ নভেম্বরকে সংখ্যায় লিখলে হয় ১১/১১, যেখানে রয়েছে চারটি ‘১’। এই চারটি একক সংখ্যাকে সিঙ্গেল বা অবিবাহিত ব্যক্তিদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
পরবর্তী সময়ে দিনটি বাণিজ্যিক রূপ পেতে শুরু করে। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সিঙ্গেলস ডেকে বড় পরিসরে অনলাইন শপিং উৎসবে পরিণত করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ঘিরে শুরু হয় ব্যাপক কেনাকাটা ও মূল্যছাড়ের আয়োজন।
বর্তমানে সিঙ্গেলস ডে বিশ্বের বৃহৎ অনলাইন শপিং আয়োজনগুলোর অন্যতম। অনেক ক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডের চেয়েও বেশি কেনাকাটা হয় এ দিনকে কেন্দ্র করে।
দিবসটি উদযাপনে কেউ নিজের পছন্দের উপহার কেনেন, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটান, আবার কেউ একা থাকার স্বাধীনতা ও আনন্দ উপভোগ করেন। সব মিলিয়ে দিনটি নিজের যত্ন নেওয়া, নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া এবং নিজের মতো করে জীবন উদযাপনের একটি উপলক্ষ হয়ে উঠেছে।
