কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির গোলাবাড়ি কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে পৌর শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া রাতে বাউফল পাবলিক মাঠের মুক্তমঞ্চে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা ছাত্রদলের একাংশের নেতা-কর্মীদের আয়োজনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।
এ সময় তিনি বলেন, “আজ তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার স্বপ্ন ছিল। আমরা নানা আয়োজনের মধ্য দিয়ে মহীয়সী নারী বেগম খালেদা জিয়াকে আজীবন স্মরণীয় করে রাখতে চাই।”
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
