BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভাইরাল মিজানের ভাতের হোটেল উচ্ছেদ!

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া রাজধানীর আগারগাঁওয়ের ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত ও সড়কের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালায় ডিএনসিসি। এ সময় ‘মিজানের ভাতের হোটেল’-এর অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মূল সড়ক ও ফুটপাতের একটি অংশ দখল করে অস্থায়ী কাঠামোতে ব্যবসা করে আসছিলেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিল।

এর আগে গত ১০ আগস্ট একই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

স্বল্পমূল্যে খাবার বিক্রি ও খাবার পরিবেশনের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত পরিচিতি পায় ‘মিজানের ভাতের হোটেল’। কম দামের খাবারের কারণে হোটেলটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এবার এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »