BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পানের বরজে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ঢাকা থেকে আসামি গ্রেপ্তার!

এনামুল হক, স্টাফ রিপোর্টার: 

শরীয়তপুরের গোসাইরহাটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রায়হান তালুকদারকে (২৮) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল। মামলা হওয়ার পর আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রায়হান তালুকদার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ রানীসার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর থেকেই রায়হান আত্মগোপনে ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করেন। পরে ওই তথ্যের ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশের একটি দল ও র‍্যাব-১০-এর একটি দল যৌথভাবে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ রানীসার এলাকায় কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই সময় কিশোরী স্থানীয় একটি বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন। সন্ধ্যায় পুকুরঘাটে কাজ করার সময় রায়হান তাকে জোরপূর্বক পাশের একটি পানের বরজে নিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে কিশোরীকে ঘটনাস্থলের কাছাকাছি অচেতন অবস্থায় ফেলে রেখে রায়হান চলে যান বলে অভিযোগ পরিবারের। স্থানীয়রা তাকে সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন এবং পুলিশকে বিষয়টি জানান।

পরে পরিবারের সদস্যরা কিশোরীকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে ২৫ আগস্ট গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি রায়হান আত্মগোপনে ছিলেন।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, মামলা দায়েরের পর আসামি আত্মগোপনে চলে যাওয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশ ও র‍্যাবের যৌথ দল ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোসাইরহাট থানায় নিয়ে আসে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -