BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

৩১ ডিসেম্বর নয়, কালকেই আসুন-হাতকড়া নিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মাধ্যমে রিসিভ করা হবে—এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ৩১ ডিসেম্বর নয়, শেখ হাসিনা চাইলে কালকেই দেশে আসতে পারেন; তাকে দুইটি হাতকড়া নিয়ে রিসিভ করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন আলোচনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘আমরা তো বলি, আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।’

বিগত সরকারের সমালোচনা করে এম. রশিদুজ্জামান মিল্লাত অভিযোগ করেন, ওই সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। তার ভাষায়, লুটপাটের সেই অর্থ এখন ভোগ করতে পারছে না এবং শেখ হাসিনা দেশে ফিরলে তার বিচার হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী ও অমানবিক আচরণ করা হয়েছে, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এ বিচার প্রক্রিয়ার জন্য তারা অপেক্ষা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় শেখ হাসিনাসহ দেশের বাইরে অবস্থান করা অন্যদের বাংলাদেশে ফিরিয়ে দিতে প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানান বিমানমন্ত্রী। তিনি বলেন, জনগণের অধিকার ক্ষুণ্ন করা এবং জনগণের অর্থ লুটের বিষয়গুলোর সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাধান করতে চান তারা।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »