BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বস্ত্রখাতের সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির!

জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে এ খাতের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বাস্তবভিত্তিক ও সমন্বিত নীতি সহায়তার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বস্ত্র খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অন্যান্য দেশের মতো এখানেও বাস্তবভিত্তিক ও সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী মহলে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে বিটিএমএ নেতৃবৃন্দকে পরামর্শ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতাসহ নানা কারণে স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশীয় অর্থনীতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অর্থনৈতিক খাতকে পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি হয়েছে।

এই সুযোগকে কাজে লাগাতে দেশের ব্যবসায়ী সমাজকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জ্বালানি সংকটের বিষয়টিও আলোচনায় আসে। রাষ্ট্রপতি বলেন, অতীতে দেশের নিজস্ব গ্যাস ও জ্বালানি অনুসন্ধান এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সাক্ষাৎকালে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল দেশের অর্থনীতিতে বস্ত্র খাতের অবদান তুলে ধরেন। একই সঙ্গে খাতটির বর্তমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে রাষ্ট্রপতির কাছে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিটিএমএ নেতারা দেশীয় বস্ত্রকল ও স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন। এ সময় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে মত দেন তারা। সম্প্রতি সরকার ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে দীর্ঘদিনের বন্ড সুবিধা প্রত্যাহার করেছে এবং নির্ধারিত শর্তে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানির সুযোগ রেখেছে।

বিটিএমএ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »