BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী, কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে মিলল সন্ধান!

প্রায় তিন মাস ধরে নিখোঁজ ছিলেন মানিকগঞ্জের সাটুরিয়ার এক মানসিকভাবে অসুস্থ নারী। স্ত্রীকে খুঁজতে সম্ভাব্য নানা জায়গায় ছুটে বেড়িয়েও সন্ধান পাচ্ছিলেন না স্বামী। শেষ পর্যন্ত এক স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিলল তার সন্ধান। ভিডিওটি দেখে স্ত্রীকে শনাক্ত করেন স্বামী। পরে সিংগাইরের গোবিন্দল এলাকা থেকে গত ২৮ সেপ্টেম্বর তাকে বাড়িতে ফিরিয়ে নেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ‘ভয়েস অব রবিউল ভাই’ পেজের কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ওই নারী। স্ত্রী নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে আত্মীয়-স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজারসহ বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান তার স্বামী। দীর্ঘদিন ধরে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে হতাশ হয়ে পড়েন তিনি।

অন্যদিকে নিখোঁজ ওই নারী নিজের নাম-ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না। একপর্যায়ে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে তাকে অসহায় অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। কখনো মানুষের কাছে খাবার চাইতেন, আবার কখনো রাস্তার পাশেই অবস্থান করতেন তিনি।

এ সময় বিষয়টি নজরে আসে স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের। ওই নারীর অসহায় অবস্থার কথা তুলে ধরে তিনি ‘ভয়েস অব রবিউল ভাই’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

ADS Payra UP Election

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একপর্যায়ে সেটি ওই নারীর স্বামীর নজরে আসে। ভিডিও দেখে তিনি স্ত্রীকে শনাক্ত করেন। পরে পরিচয় ও অবস্থান নিশ্চিত করে গত ২৮ সেপ্টেম্বর সিংগাইরের গোবিন্দল এলাকায় ছুটে যান তিনি। সেখানে প্রায় তিন মাস পর স্ত্রীকে খুঁজে পান।

দীর্ঘদিন পর স্ত্রীকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বামী। স্বামীকে দেখে ওই নারীও তাকে চিনতে পারেন। এরপর স্ত্রীকে বুকে জড়িয়ে নেন তিনি। স্বামী-স্ত্রীর এই আবেগঘন পুনর্মিলনের দৃশ্যের সাক্ষী হন স্থানীয়রাও।

স্ত্রীকে ফিরে পেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই স্বামী। দীর্ঘদিন পর পরিবারের সদস্যকে ফিরে পাওয়ায় স্বজনদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।

এরই মধ্যে ২৯ সেপ্টেম্বর স্বামী-স্ত্রীর পুনর্মিলনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই আবেগাপ্লুত হন। একই সঙ্গে ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের প্রশংসা করেন অনেকে।

রবিউল হক বলেন, রাস্তার পাশে অসহায় অবস্থায় ওই নারীকে দেখে তার ভীষণ কষ্ট হয়েছিল। তখনই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন তিনি। সেই উদ্দেশ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। পরে ওই নারীর স্বামী ভিডিওটি দেখে যোগাযোগ করেন এবং এসে তাকে নিয়ে যান। নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনিও আনন্দিত।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »