BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

জয়পুরহাটের কালাইয়ে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের ১৪৬ জন মানুষের মাঝে বিশেষ বরাদ্দের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে কালাই পৌর এলাকায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর নিজ বাসভবনে এই সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১৪৬ জন দুস্থ ব্যক্তির প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।

সহায়তা বিতরণকালে প্রতিমন্ত্রী আবদুল বারী বলেন, "নিম্ন আয়ের মানুষ যাতে তাদের দৈনন্দিন ও জরুরি প্রয়োজন কিছুটা হলেও পূরণ করতে পারেন, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।"

তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা বিশেষ তহবিল থেকেও সহযোগিতা দেওয়া হচ্ছে। অর্থের পরিমাণ সীমিত হলেও প্রয়োজনের সময়ে এ ধরনের সহায়তা মানুষের কাজে আসে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু সাময়িক আর্থিক সহায়তা দেওয়া নয়। মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড, বিভিন্ন ধরনের ভাতা, কাবিখা ও কাবিটা কর্মসূচি, খাল খনন, বৃক্ষরোপণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সহায়তা পাওয়া কালাই পৌরসভার থুকসারা গ্রামের রশিদুল ইসলাম বলেন, সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে অনেক সময় জরুরি খরচ মেটানো কঠিন হয়ে পড়ে। এই টাকা প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবেন তিনি।

মাত্রাই ইউনিয়নের ইন্দাহার গ্রামের জাকিয়া সুলতানা বলেন, সংসারের নানা প্রয়োজন থাকলেও আয় সীমিত হওয়ায় সবকিছু সামাল দেওয়া কঠিন। এই সহায়তা কিছুটা স্বস্তি দেবে।

উদয়পুর ইউনিয়নের বাশিলাপাড়া গ্রামের জাকিয়া বেগম বলেন, অসচ্ছল পরিবারের জন্য সামান্য সহায়তাও অনেক গুরুত্বপূর্ণ। জরুরি প্রয়োজনে পাওয়া অর্থটি তার কাজে লাগবে।

অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম, ছেলে তৌফিক হাসান, মেয়ে নাহিদ নওশিন বারী, পুত্রবধূ লাইলাতুল বরাত নিঝুম ও মেয়ের জামাই মোহাম্মদ হারুন-অর-রশিদ খান উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »