BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জিম প্রশিক্ষকের সঙ্গে নতুন জীবনের পরিকল্পনা, স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে!

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে জিম প্রশিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে স্বামীকে হত্যার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পুলিশের দাবি, ওই নারীর সঙ্গে মিলে তাঁর জিম প্রশিক্ষক স্বামীর ওপর ছুরি দিয়ে হামলা চালান। তবে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান স্বামী। এ ঘটনায় স্ত্রী প্রিয়া শর্মা ও জিম প্রশিক্ষক প্রতাপ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৬ অক্টোবর সকালে দিল্লির কাছে গাজিয়াবাদের বসুন্ধরা সেক্টর-১ এলাকার জাগৃতি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোসাইটিতে এ ঘটনা ঘটে। এলাকাটি ইন্দিরাপুরম থানার আওতাধীন।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে প্রিয়া শর্মা জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন। এ সময় তাঁর জিম প্রশিক্ষক প্রতাপ সিং বাড়িতে ঢুকে প্রিয়ার স্বামী শশাঙ্ক কান্তারিয়াকে একাধিকবার ছুরিকাঘাত করেন। শশাঙ্কের চিৎকার শুনে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রতাপ। পরে আহত শশাঙ্ককে উদ্ধার করে যশোদা মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে যান তিনি।

পুলিশ জানায়, প্রায় চার বছর আগে ঝাঁসির পুরানি পাসারাত এলাকার বাসিন্দা শশাঙ্কের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়। দুজনই দিল্লিতে জ্যেষ্ঠ হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। প্রিয়ার এটি দ্বিতীয় বিয়ে বলেও জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রতাপ সিং ‘ফিটনেস হেডকোয়ার্টার্স’ নামের একটি জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করেন। প্রিয়া গত সাত থেকে আট মাস ধরে ওই জিমে যাতায়াত করছিলেন। এ সময় তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। তাঁরা হোয়াটসঅ্যাপেও নিয়মিত যোগাযোগ করতেন বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে প্রতাপ জানিয়েছেন, তাঁরা দুজন বিয়ে করে একসঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। পুলিশের দাবি, শশাঙ্ক তাঁদের সম্পর্কের বিষয়টি জানতে পেরে দীপাবলির পর অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এরপরই তাঁকে হত্যার পরিকল্পনা করেন প্রিয়া ও প্রতাপ বলে অভিযোগ উঠেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর সকালে দৌড়াতে বেরিয়ে শশাঙ্ককে হত্যার বিষয়ে আলোচনা করেন প্রিয়া ও প্রতাপ। পরদিন ছুরি নিয়ে প্রিয়ার বাড়িতে যান প্রতাপ। পুলিশের ধারণা, প্রিয়া বাড়ির ফটক খোলা রেখেছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে শশাঙ্কের ওপর হামলা চালান প্রতাপ।

তদন্তে আরও উঠে এসেছে, ঘটনার আগের রাতেও প্রিয়া ও প্রতাপের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়েছিল। পুলিশের দাবি, প্রিয়ার অনুরোধেই শশাঙ্কের ওপর হামলা চালান প্রতাপ। শশাঙ্ক অফিসে চলে যাওয়ার পর প্রিয়া তাঁকে বাড়িতে ডেকে পাঠাতেন বলেও অভিযোগ করেছে পুলিশ।

শশাঙ্কের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা হয়েছে। প্রিয়া শর্মা ও প্রতাপ সিংয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে এসব তথ্য পুলিশের বক্তব্য ও মামলার অভিযোগের ভিত্তিতে পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সূত্র: এনডিটিভি।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »