BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন!

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল গাজীপুরের শিল্পাঞ্চল। শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। রোববার সকালে বিক্ষোভের একপর্যায়ে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) সকালে বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। পরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন তাঁরা। একপর্যায়ে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার শ্রমিকেরা লাঠিসোঁটা হাতে সড়কে জড়ো হন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন পুলিশ বক্সে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।

শ্রমিক অসন্তোষের কারণে এসব এলাকার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও বিভিন্ন কারখানায় অসন্তোষ কমেনি।

এর আগে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। রাতে সড়ক ছেড়ে দিলেও রোববার সকালে আবারও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন। শ্রমিকদের দাবির বিষয়টি জেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে তদারকি করছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »