মোটরসাইকেল চালকদের জন্য সামনের নম্বরপ্লেট স্থাপনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার ও লেখার বিন্যাস নির্ধারণের সুযোগ রেখে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করা হয়েছে। নতুন নিয়মে প্রচলিত দুই লাইনের পাশাপাশি এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখারও সুযোগ রাখা হয়েছে। ফলে যেসব মোটরসাইকেলে প্রচলিত আকারের নম্বরপ্লেট লাগানো কঠিন ছিল, সেগুলোর ক্ষেত্রে তৈরি হবে বিকল্প ব্যবস্থা।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিধিমালায় এ সংশোধন আনা হয়েছে। সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।
নতুন সংশোধনী অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে লেখার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহার করা যাবে।
এ ছাড়া মোটরসাইকেলের নকশা ও কাঠামো বিবেচনায় সামনের নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা এবং জেলা বা অঞ্চলের নাম ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের আকার নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দেওয়া হয়েছে।
প্রয়োজনে নম্বরপ্লেটের বিভিন্ন অংশের ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে সংখ্যাগুলোর মাঝখানে ব্যবহৃত হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে কর্তৃপক্ষ। পাশাপাশি নম্বরপ্লেটের দৃশ্যমানতা ও সহজে শনাক্ত করার সুবিধার্থে রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও সংশোধিত বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মূলত বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা এক রকম নয়। অনেক মোটরসাইকেলের কাঠামোতে প্রচলিত মাপের নম্বরপ্লেট স্থাপন করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের সমস্যা দূর করে মোটরসাইকেলের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নম্বরপ্লেট ব্যবহারের সুযোগ তৈরি করতেই এই সংশোধনী আনা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সামনের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও ক্যামেরার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। নতুন সংশোধনীর ফলে বিআরটিএ প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ করতে পারবে।
তবে কোন ধরনের মোটরসাইকেলের জন্য কী আকারের নম্বরপ্লেট এবং কোন বিন্যাস অনুসরণ করতে হবে, সে বিষয়ে বিআরটিএর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন মোটরসাইকেল চালকেরা।
