ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ঢাকার আশুলিয়ায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংহপুরে এ সংঘর্ষে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার দুপুর ১টার দিকে নরসিংহপুরে হা-মীম গ্রুপের সামনে এ সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, দুপুরে মধ্যাহ্নবিরতির পর কারখানা থেকে বের হয়ে খাবার খেতে যাওয়ার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এর প্রতিবাদে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এতে শ্রমিক ও পুলিশ সদস্যদের বেশ কয়েকজন আহত হন। তবে সংঘর্ষের সূত্রপাত নিয়ে শ্রমিক ও পুলিশের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
শ্রমিকদের অভিযোগের বিপরীতে পুলিশের দাবি, শ্রমিকেরাই প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ভূঁইয়া।
তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আশুলিয়ায় কতটি কারখানা বন্ধ রয়েছে কিংবা কতগুলো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর কাছে কোনো তথ্য নেই।
এদিকে সংঘর্ষের পর বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে ঢাকা-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।
