BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

যে সড়কে প্রাণ হারালেন মাইশা, সেখানেই অনুষ্ঠিত হলো জানাজা!

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশিফরাত সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর যে স্থানে প্রাণ হারিয়েছেন, সেখানেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে সহপাঠী ও শিক্ষকদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা শিক্ষার্থীদের ওপর বাসটি পড়ে গেলে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মাইশা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকায়।

সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এতে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়।

শিক্ষার্থীরা আট দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে, দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, মামলার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়কের দুই পাশের অবৈধ পার্কিং উচ্ছেদ।

এ ছাড়া সড়ক প্রশস্তকরণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে পদচারী-সেতু নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে প্রধান ফটকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »