BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা, উঠানে খোলা আকাশের নিচে বসবাস!

নিজের মালিকানাধীন জমি ছয় মেয়ের নামে লিখে দেওয়ার পর বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাই ও স্বজনদের বিরুদ্ধে। এতে চিকিৎসা শেষে বাড়ি ফিরেও নিজের ঘরে প্রবেশ করতে পারছেন না স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধ আব্দুর ছাত্তার খান। ঘরের দরজায় তালা, রান্নার চুলা ভাঙা এবং চলাচলের পথে গাছের গুঁড়ি ফেলে রাখায় শেষ পর্যন্ত নিজের ভিটাতেই খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে তাঁকে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি এলাকায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর ছাত্তার খানের কোনো ছেলে সন্তান নেই। তাঁর পরিবারের সদস্য ছয় মেয়ে। সম্প্রতি নিজের মালিকানাধীন জমি ছয় মেয়ের নামে রেজিস্ট্রি করে দেন তিনি। এর কিছুদিন পর স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুর ছাত্তার। উন্নত চিকিৎসার প্রয়োজনে তখন তিনি এক মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

পরিবারের অভিযোগ, জমি মেয়েদের নামে লিখে দেওয়ার বিষয়টি জানার পর থেকেই তাঁর আপন ভাই মোস্তফা খান, ভাতিজা ইমরান খান ও ভাগনে এনামুল শিকদারের সঙ্গে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে সুযোগ বুঝে আব্দুর ছাত্তার খানের বসতঘরের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বাড়ির রান্নার চুলা ভেঙে ফেলা হয় এবং গাছপালা কেটে ঘরের সামনে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়। এতে ঘরে প্রবেশের পথ কার্যত বন্ধ হয়ে যায়।

চিকিৎসা শেষে বাড়িতে ফিরে নিজের ঘরের দরজায় তালা দেখতে পান শারীরিকভাবে অসুস্থ ও চলাচলে প্রায় অক্ষম আব্দুর ছাত্তার। দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত বসতভিটায় ফিরেও ঘরে আশ্রয় না পেয়ে বাধ্য হয়ে ঘরের সামনের উঠানে বিছানা পেতে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তিনি।

অসুস্থ বৃদ্ধের এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে তাঁকে নিজের ঘরে প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ভাই মোস্তফা খান। তাঁর দাবি, আব্দুর ছাত্তার দীর্ঘদিন ধরে বাড়িতে অবস্থান না করায় চুরির আশঙ্কা তৈরি হয়েছিল। মূলত বাড়ির নিরাপত্তার স্বার্থেই ঘরে তালা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, তিনি ঘটনাটি জানতে পেরেছেন। খবর পাওয়ার পরপরই বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »