BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!

পরীক্ষায় ভালো ফল করায় ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে ঘটে যাওয়া এ ঘটনা ঘিরে এলাকায় বেশ আলোচনা তৈরি হয়েছে। নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফলের পুরস্কার হিসেবে ছেলেকে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন মডেলের গাড়িটি কিনে দিয়েছেন সামসুদ্দিন মিদ্যা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বর্ধমানের গলসির পারাজ এলাকার বাসিন্দা ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা। তার ছেলে মুহাম্মদ তালহা নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে। ছেলের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে তার পছন্দের বিলাসবহুল গাড়িটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন বাবা।

সামসুদ্দিন জানান, বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়িটি কিনতে তার প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে। ছেলের স্বপ্ন পূরণ করতে গাড়িটি কেনার জন্য তাকে মুম্বাই পর্যন্ত যেতে হয়েছে। দীর্ঘদিনের পছন্দের গাড়িটি হাতে পেয়ে খুশি তালহাও।

বিলাসবহুল গাড়ির প্রতি সামসুদ্দিনের আগে থেকেই বিশেষ আগ্রহ রয়েছে। তার ব্যক্তিগত গাড়ির সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারের মতো দামি গাড়ি। এবার সেই সংগ্রহে নতুন সংযোজন হলো বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন।

গাড়ির নম্বর নিয়েও সামসুদ্দিনের রয়েছে বিশেষ পছন্দ। তার একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ৫৫৫। বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও এই সংখ্যার মিল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এত দামি গাড়ি উপহার পাওয়ার পরও আপাতত পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিতে চায় তালহা। সে জানিয়েছে, সপ্তাহে একদিন বাবার সঙ্গে গাড়িতে ঘুরতে যাবে। সেদিন গাড়ি চালাবেন বাবা আর সে পাশের আসনে বসে উপভোগ করবে ভ্রমণ।

ছেলের ভালো ফলের আনন্দকে ব্যতিক্রমী উপহারের মাধ্যমে স্মরণীয় করে রাখলেন সামসুদ্দিন। আর বাবার কাছ থেকে পাওয়া এই উপহার ঘিরে মুহূর্তেই আলোচনায় উঠে এসেছে নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তালহার গল্প।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »