প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি। পড়তে কিংবা লিখতেও জানেন না। অথচ অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসাকে সম্বল করে শুনে শুনেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন ইয়েমেনের ৮২ বছর বয়সী হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ। প্রায় এক দশকের নিরলস সাধনায় ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
ইয়েমেনের তায়েজ প্রদেশের জাবাল সাবর পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম ও বেড়ে ওঠা মরিয়মের। ছোটবেলায় গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল সীমিত। ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হন তিনি। জীবনের দীর্ঘ সময় সংসারের দায়িত্ব পালন ও কৃষিকাজ করে কাটিয়েছেন। পড়াশোনা শেখার সুযোগ না পেলেও পবিত্র কোরআনের প্রতি তাঁর ভালোবাসা ছিল গভীর।
একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন মরিয়ম। ২০০৬ সালে ষাটের কোঠায় বয়স থাকতেই সেই স্বপ্ন পূরণের যাত্রা শুরু করেন তিনি। তাঁর ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের হিফজ শেখার সুযোগ আরও সহজ হয়।
কোরআন মুখস্থ করার জন্য প্রতিদিনের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করেছিলেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে মুখস্থ করা আয়াত শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যায় বাড়ি ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে বারবার অনুশীলন করতেন।
শুধু সন্ধ্যায় নয়, ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন তিনি। আগে শেখা আয়াতগুলো বারবার শুনে স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করতেন। এভাবেই দিনের পর দিন চলতে থাকে তাঁর সাধনা।
এই দীর্ঘ যাত্রায় তাঁর সবচেয়ে বড় সহায়ক ছিল একটি ক্যাসেট প্লেয়ার। বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে বিশেষ পছন্দ করতেন তিনি। একটি ক্যাসেটের নির্দিষ্ট অংশ মুখস্থ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাঁর জন্য পরবর্তী ক্যাসেটের ব্যবস্থা করতেন।
কোরআনের কিছু আয়াতে শব্দ ও বর্ণনার মিল থাকায় সেগুলো আলাদা করে মনে রাখা কঠিন হয়ে পড়েছিল মরিয়মের জন্য। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের কিছু আয়াত মুখস্থ করতে তাঁকে বাড়তি সময় দিতে হয়েছে।
তবে কোনো বাধাতেই দমে যাননি তিনি। একই আয়াত বারবার শুনেছেন, অনুশীলন করেছেন এবং শিক্ষিকার কাছে মুখস্থ শুনিয়েছেন। ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার ফলও পেয়েছেন।
দীর্ঘ ১০ বছরের সাধনা শেষে ২০১৬ সালে সম্পূর্ণ কোরআনের ৩০ পারা মুখস্থ করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আবেগ ধরে রাখতে পারেননি। আনন্দে কেঁদে ফেলেন এবং সিজদায় গিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তাঁর এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।
মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তাঁর রয়েছে ২১ জন নাতি-নাতনি। পরিবারের অনেক সদস্য উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তবে তাঁদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পড়তে-লিখতে না জানা তাঁদের মা ও দাদি শুধু শুনে শুনেই পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করতে পেরেছেন।
কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তাঁর বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা পাঠ করার চেষ্টা করেন তিনি।
আল-মুশাহিদের প্রতিবেদনে মরিয়মের বয়স ৮২ বছরের বেশি বলে উল্লেখ করা হয়েছে। বয়সের ভার, উচ্চ রক্তচাপ ও শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। দৃষ্টিশক্তিও আগের তুলনায় কমেছে। বার্ধক্যের কারণে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে মাঝেমধ্যে অসুবিধা হলেও কোরআনের সঙ্গে তাঁর সম্পর্ক এখনো অটুট রয়েছে।
মরিয়মের এই অসাধারণ সাধনার পুরো সময় কেটেছে ইয়েমেনের তায়েজ অঞ্চলে যুদ্ধ, সংঘাত ও অবরোধের কঠিন বাস্তবতার মধ্যে। চারপাশের প্রতিকূলতা, বিদ্যুৎবিভ্রাট ও নানা সীমাবদ্ধতার মধ্যেও তিনি নিজের লক্ষ্য থেকে সরে যাননি। বরং পবিত্র কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তাঁর মানসিক শক্তি ও প্রশান্তির অন্যতম উৎস।
হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহর জীবন দেখিয়ে দিয়েছে, শেখার জন্য বয়স বা প্রাতিষ্ঠানিক শিক্ষাই একমাত্র শর্ত নয়। প্রবল আগ্রহ, অধ্যবসায়, ধৈর্য ও দৃঢ় সংকল্প থাকলে কঠিন লক্ষ্যও অর্জন করা সম্ভব। তাঁর এই অর্জন কোরআনপ্রেমী মানুষের জন্য এক অনুপ্রেরণার গল্প।
