BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আজ সঠিক বিচার পেয়েছি, সেই মাদ্রাসা ছাত্রীর মা!

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির পরিবার জানিয়েছে, তারা ন্যায়বিচার পেয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিশুটির মা বলেন, আদালতের রায়ে তিনি ও তাঁর পরিবার অত্যন্ত সন্তুষ্ট। দীর্ঘদিন ধরে যে বিচারের অপেক্ষায় ছিলেন, আজ সেই বিচার পেয়েছেন বলে মনে করছেন তাঁরা।

এ সময় তিনি বিচারক, আইনজীবী, প্যানেল আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

মামলা আপসের কোনো চাপ রয়েছে কি না—জানতে চাইলে শিশুটির মা জানান, বিচারপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে আসামিপক্ষ সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে আপসের চেষ্টা করেছিল। এমনকি ১২ শতাংশ জমি দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে তাঁর অভিযোগ। তবে বিচারক সেই প্রস্তাব নাকচ করে দেন বলে জানান তিনি।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর শিশুটিকে মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। ভয়ে শিশুটি ঘটনাটি গোপন রাখে এবং একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মদন থানায় মামলা করেন।

মামলার পর র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান আসামি শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

বিচারপ্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। পরীক্ষার প্রতিবেদনে নবজাতক ও আসামি সাগরের ডিএনএ প্রোফাইলের মধ্যে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ তদন্তের বিভিন্ন তথ্যের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিচার শেষে বুধবার আদালত শিক্ষক সাগরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই মামলার অপর আসামি মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -