ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট। নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন আইজেনকট। একই সঙ্গে ঘটনাটির দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) আইজেনকট বলেন, নেতানিয়াহুর আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। তাঁর অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব-ইসরায়েলি রাজনৈতিক দল রা'আমের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। এ সময় তিনি পুলিশের কাছে একটি গোয়েন্দা সূত্রের তথ্য তুলে ধরেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওই তথ্যের ভিত্তিতে রা'আমের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে পরবর্তী সময়ে তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। এরপর গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় আইজেনকটের দল এক বিবৃতিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। দলটির মতে, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি।
তবে নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নর্ডেন একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক কৌশল হিসেবে নেতানিয়াহু আরব দলগুলোকে বিতর্কিত করার চেষ্টা করছেন। একই সঙ্গে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। দেশটির দুটি প্রধান আরব দল আইজেনকটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে তাঁকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে শনিবার নেতানিয়াহু আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে নেতানিয়াহুর এই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেন আইজেনকট।
নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এবং দুই নেতার পালটাপালটি অবস্থানের কারণে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
