গাজীপুরের শ্রীপুর উপজেলা চত্বরের ভেতরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মাওনা চৌরাস্তা উড়ালসেতু থেকেও একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা জানান, শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ২২ মিনিটের দিকে তার বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় ছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে ককটেল দেখতে পান। সিসিটিভি ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেলেও কে এটি ছুড়েছে, তা শনাক্ত করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।
এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে আরেকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
