মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে এক মসজিদ খতিবের বাড়ি থেকে ৪টা গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা চিহ্নিত সুদি কারবারি পপি হাওলাদার (৩৫) ও তার বাহিনীর বিরুদ্ধে জোড়পূর্বক ওই গরু লুটের অভিযোগ ওঠেছে। এব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদি হয়ে দুমকি থানায় একটি গরু লুটের লিখিত অভিযোগ করেন।
থানা পুলিশ সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা মৃত আঃ করিম হাওলাদারের মেয়ে চিহ্নিত সুদি কারবারি পপি আক্তারের নেতৃত্বে তাশমিম, ফারুক, সোহেল গাজীসহ ৫/৬জনের একটি সন্ত্রাসী বাহিনী চরগরবদি গ্রামের মসজিদের ইমাম ও খতিব আবু সালেহ’র বাড়িতে আকস্মিক তান্ডব চালিয়ে তার গৃহপালিত ২টি বাচ্চাসহ মোট ৪টা গরু জোড় পূর্বক ট্রলারে উঠিয়ে লুট করে নিয়ে যায়।
অভিযুক্ত পপি হাওলাদার কে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন অভিযোগ পেয়ে বাউফল থানা পুলিশের সহায়তায় আজ শুক্রবার অভিযান চালিয়ে লুট হওয়া গরু উদ্ধার করে দুমকি থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযুক্তের কাউকে আটক করা সম্ভব হয়নি।