মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের উত্তর রামবল্লভ গ্রামে মরহুম আব্দুল আজিজ মৃধা বাড়ির মসজিদের উদ্যোগে অষ্টম তাফসীরুল কুরআন বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মরহুম আব্দুল আজিজ মৃধা বাড়ির ঈদগাহ ও মাদ্রাসা ময়দানের মাঠে দিনব্যাপী এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মালয়েশিয়া প্রবাসী মো. আউয়াল মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল ওয়াহাব মৃধা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা মুফতি আমির হামজা (কুষ্টিয়া)।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান (আলোচক, এটিএন বাংলা ও পরিচালক আন-নুজুম ইসলামিক একাডেমী), মুফতি ইব্রাহিম খলিল আবরারী (খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ ডেমরা ও পরিচালক মারকাযুল আববার ইন্টারন্যাশনাল মাদ্রাসা), মাওলানা হুসাইন আহমাদ (চুয়াডাঙ্গা), আব্দুল কুদ্দুস আব্বাসী (খতিব, কলের পুকুরপাড় জামে মসজিদ, পটুয়াখালী)। এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আবু বক্কর সিদ্দিক।
মরহুম আব্দুল আজিজ মৃধার ছোট ছেলে আউয়াল মৃধা বলেন, “আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ এবং দোয়া-মিলাদ উপলক্ষে এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার বাবা বেঁচে নেই, মা এখনও বেঁচে আছেন। গ্রামবাসীসহ দশমিনা–গলাচিপার সকল মানুষের কাছে আমার মা-বাবা ও আমাদের জন্য দোয়া কামনা করছি। আল্লাহর রহমতে বেঁচে থাকলে প্রতি বছরই আমাদের বাড়ির মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুম আব্দুল আজিজ মৃধার বড় ছেলে আব্দুল ওহাব মৃধা বলেন, “আল্লাহর ও রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জন এবং আমার বাবার রুহের মাগফিরাত কামনায় ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য কুরআনের বয়ান শোনার এই আয়োজন করা হয়েছে। আমার গ্রামবাসী ও দশমিনা উপজেলার সকল মানুষের সহযোগিতা থাকলে এ আয়োজন আজীবন চলমান থাকবে। শ্রোতাদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও খ্যাতনামা আলেমদের দাওয়াত দিয়ে ওয়াজ ও নসিহতের ব্যবস্থা করা হবে। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই; আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্যই কল্যাণমূলক কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উপজেলা থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বায়েজিত ও উপদেষ্টা সোহাগ আহমেদ লিওনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। এছাড়াও মাহফিলে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।