মাইনুল ইসলাম রাজ.আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মতিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাত ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার পূর্ব চুনাখালী (উত্তর মহিষকাটা) এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলাব্যাপী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমতলী থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মো. শওকত হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানকালে পূর্ব চুনাখালী (উত্তর মহিষকাটা) এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মতিউর রহমানের বসতবাড়ির সামনে রাস্তার ওপর থেকে তাঁর দখলে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মতিউর রহমান ওই এলাকার মৃত সুলতান সিকদারের ছেলে। তাঁর মায়ের নাম জাহানারা বেগম।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় জেলাব্যাপী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
