রাকিবুজ্জামান দশমিনা, সংবাদদাতা:
পটুয়াখালীর দশমিনায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতকরাত ও দুটি দা জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল আনুমানিক ২টার দিকে দশমিনা রেঞ্জের চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চরহায়দার মৌজার সংরক্ষিত বন বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগের বন অপরাধ দমনে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চরহায়দার ফরেস্ট ক্যাম্পেঐর বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার অবস্থায় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে গাছ কাটার কাজে ব্যবহৃত একটি হাতকরাত ও দুটি দা জব্দ করেন বন বিভাগের কর্মকর্তারা।
আটক ব্যক্তিরা হলেন—ভোলার লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের অজুদ মাঝির ছেলে মো. শাহাবুদ্দিন এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
