নিজস্ব প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজায় অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল থেকে আসা সিলভার রঙের একটি প্রাইভেটকার লেবুখালী টোল প্লাজায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে সেটিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়ির সামনের সিটে থাকা যাত্রী মানিকগঞ্জের নাহিদুল ইসলাম নওশাদ (২৮) এর কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬২ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টোল প্লাজা সংলগ্ন চেকপোস্টে অবস্থান নেয় পুলিশ। রাত ৯টায় সন্দেহভাজন প্রাইভেটকারটি সেখানে এলে থামিয়ে ড্রাইভারের পাশের সিটে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ইয়াবার কথা স্বীকার করে এবং টোল প্লাজার কর্মচারী ও গাড়ির চালকের সামনে নিজের পকেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। এবং এই ইয়াবা ট্যাবলেট তিনি মানিকগঞ্জ থেকে বাউফলের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন বলে জানান তিনি।
আটককৃত ব্যক্তি মোঃ নাহিদুল ইসলাম নওশাদ (২৮), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা- কমলা বেগম, সাং- চক মিরপুর, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”
