কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে বক্তব্য তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন আমার বাংলাদেশ পার্টি – এবি পার্টি পটুয়াখালী জেলা শাখা।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় এবিপার্টি পটুয়াখালী জেলা কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানের শুরুতেই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাকরে বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেন। ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলায় আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমার নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক ঢাকা মেডিকেলে উপস্থিত ছিলাম। এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা পেতে দিন রাত পরিশ্রম করেছি। প্রতিটা হাসপাতালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতা কর্মীরা আহতদের মারধর করে বের করে দিতো। বড়ই পরিতাপের বিষয় ছিলো হাসপাতালগুলোতে নির্দেশনা ছিলো আন্দোলনে গিয়ে আহতদের চিকিৎসা সেবা না দিতে। ৩ আগষ্ট জীবনের ঝুকি নিয়ে আমরা খুব অল্প সংখ্যক চিকিৎসক ও মেডিকেল এর শিক্ষার্থীর বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করি। আমাদের দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ অনেককেই গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।
দেশের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সহনশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে এবিপার্টি পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সদস্য জাকির হোসেন।
